ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পুনর্দখলের তীব্র হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার আয়োজিত ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে প্রায় ১০ হাজার মানুষের জনসমাগম থেকে তিনি এ কড়া বক্তব্য দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও কথিত ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি-র এই প্রভাবশালী নেতা। তিনি অভিযোগ করেন, সাধারণ ও রাষ্ট্রবাদী মতাদর্শের ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক মিছিলে যোগ দিতে বাধ্য করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওঠা ‘আজাদি’ স্লোগানের তীব্র সমালোচনা করে শুভেন্দু স্মরণ করিয়ে দেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের কথা।
তিনি বলেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান বিপ্লবীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই দেশে অন্য কোনো স্বাধীনতার অজুহাত চলে না।
আন্দোলনকারীদের কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, এই স্বাধীনতার দাবি আসলে কীসের জন্য—মাদক সেবনের ছাড়পত্রের জন্য কি না। তথাকথিত ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি স্পষ্ট জানান, এই লড়াইয়ে কোনো আপস হবে না।
পহেলগাঁও ও অবন্তীপুরায় জঙ্গি হামলায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় যাদবপুরে কেন প্রতিবাদ হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিপরীতে ‘অপারেশন সিঁদুর’ ও যুদ্ধের বিরুদ্ধে মিছিল করার প্রতিবাদ জানান এই বিরোধী নেতা।
ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে শুভেন্দু দাবি করেন, দেশবিরোধী ও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান সফল হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই তিনি ঘোষণা দেন, ভারত খুব শীঘ্রই পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিজের নিয়ন্ত্রণে নেবে।
সূত্র : ভারতীয় গণমাধ্যম