ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই পদে নির্বাচিত হন।

ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। হুসেইন ইব্রাহিম তাহার মেয়াদ আগামী ২০২৬ সালের নভেম্বরে শেষ হতে যাচ্ছে।

ওআইসির সদর দফতর জেদ্দায় দায়িত্ব নিতে যাওয়া ইসমাইল উলদ শেখ আহমেদ আন্তর্জাতিক বিষয়াবলীতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি জাতিসংঘে দীর্ঘকাল দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একাধিক জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট নিরসনে ভূমিকা রেখেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিব ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং সর্বোচ্চ দু'বার এই পদে নির্বাচিত হতে পারেন। ভৌগোলিক ভারসাম্য, পর্যায়ক্রমিক আবর্তন ও যোগ্যতার ভিত্তিতে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই নির্বাচন পরিচালনা করে থাকেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নও ২০২৭-২০৩২ মেয়াদের জন্য ওআইসি মহাসচিব পদে তার প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার ৫৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী বিশ্বের অন্যতম বড় এই আন্তর্জাতিক সংস্থায় তার এই নির্বাচন মৌরিতানিয়ার জন্য বড় একটি সাফল্য।

সূত্র: গালফ নিউজ