যুক্তরাষ্ট্রে বন্দি ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন কারাগার থেকে নেওয়া তার প্রথম দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
গত জানুয়ারিতে কারাকাস থেকে মার্কিন স্পেশাল ফোর্সেস কর্তৃক স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ অপহৃত হওয়ার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে ওয়াশিংটন, যা তারা শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় মাদুরো লেখেন, আমার নাতি-নাতনি ও আমাদের ভালোবাসে এমন সব ভালো মানুষের জন্য এই ছবিগুলো পাঠাচ্ছি। আপনারা জেনে রাখুন, আপনাদের ভালোবাসাকে সম্বল করে আমরা দৃঢ়ভাবে টিকে আছি। আমরা শক্তিশালী ও শান্ত থাকব; ঈশ্বর আমাদের সহায় হবেন এবং ভেনিজুয়েলা আবার মাথা তুলে দাঁড়াবে।
ছবি দুটিতে মাদুরোকে ধূসর রঙের ট্র্যাকসুট পরা অবস্থায় দুহাতে শান্তি প্রতীক (ভি-সাইন) প্রদর্শন করতে দেখা যায়। বন্দি হওয়ার পর থেকে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতীয়মান হচ্ছে। পোস্টটি রোববার প্রকাশিত হলেও ছবির সময়সূচি অনুযায়ী এগুলো গত ২৫ জুনের তোলা।
কারাগারে মাদুরোর ইন্টারনেট বা সংবাদপত্রের সুবিধা না থাকলেও স্বজন ও আইনজীবীদের সঙ্গে মাসে সর্বোচ্চ ৩০০ মিনিট ফোনে কথা বলার সুযোগ পান। সাবেক এই প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক তেল চুক্তি স্বাক্ষরের দুদিনের মাথায় এই বার্তা সামনে এলো। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত জানিয়েছে, ২০২৭ সালের ১ জুন থেকে মাদুরো দম্পতির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
সূত্র: আল-জাজিরা