ট্রাম্পের গলফ খেলার জন্য কাটা হলো শতবর্ষী চেরি গাছ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্স সংস্কার প্রকল্পকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক পার্কে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি পার্কটির অন্তত ৬০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে।

স্থানীয় পরিবেশ রক্ষা বিষয়ক একটি পর্যবেক্ষক গোষ্ঠী প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। কেটে ফেলা গাছগুলোর মধ্যে ১৯১০ সালের দিকে জাপানের উপহার হিসেবে পাওয়া ঐতিহাসিক শতবর্ষী চেরি গাছও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর অবশ্য এই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, গলফ কোর্স প্রজেক্টের জন্য নয়, বরং নিরাপত্তা বজায় রাখতে এবং পার্কের নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো সরানো হয়েছে।

তবে পার্ক সংরক্ষণবাদীরা এই ব্যাখ্যার টাইমিং ও ধরন নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের প্রস্তাবিত গলফ কোর্স প্রজেক্টটি নিয়ে পরিবেশগত আইন লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যেই আদালতে মামলা চলমান রয়েছে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী তিনটি পৃথক কোর্স ভেঙে একটি ১৮ হোলের আধুনিক চ্যাম্পিয়নশিপ কোর্স নির্মাণের কথা রয়েছে। কিন্তু শতবর্ষী গাছ কাটার এই ঘটনা বিতর্ককে আরো বাড়িয়ে দিয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট