জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা : ট্রাম্পের হুঁশিয়ারি

জর্ডানে মার্কিন সামরিক কর্মীদের ওপর ইরান হামলা চালানোর পর তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের ওপর এই আঘাতের বিপরীতে ইরানকে আরও মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আকাশে একটি মার্কিন 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের আইআরজিসি। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটি ধ্বংস করেছে বলে জানায় সংস্থাটি।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী বর্তমানে নিরাপদ রয়েছে এবং ইরানের সামরিক শক্তি ও অর্থনৈতিক ব্যবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে পরিস্থিতি সামলাতে ইরানে যেকোনো সময় হামলার পথ খোলা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে ওমানের খাসাব উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবেই জর্ডানের ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওই পূর্ববর্তী হামলায় অন্তত ৩ জন নিহত এবং বেশ কিছু ইরানি সেনা ও বেসামরিক নাগরিক আহত হন।

সূত্র: ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম