রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় টানা ৬ দিনের মতো রুশ বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনের বেশি। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর থেকে কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানীতে হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। এ সময় একটি আবাসিক নয়- এমন এলাকায় আগুন ধরে যায়।

কিয়েভের আশপাশের বরিসপিল এলাকায়ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সেখানে একটি আবাসিক ভবন ও ব্যবসায়িক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাতভর ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি ছিল। টানা কয়েক দিনের হামলায় কিয়েভ ও আশপাশের অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে ২৮ আগস্ট কিয়েভের কাছে একটি গোলাবারুদ গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত ও ৫২ জন আহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক দিনে রাশিয়া বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করেছে। এসব হামলার পাশাপাশি ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে চলমান হামলার মধ্যেই ইউক্রেনের যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। জেলেনস্কি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন।