ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের 'টম অ্যান্ড জেরি' প্রতিরোধ

ইসরায়েলি দখলদার ও সেনাবাহিনীর ধারাবাহিক হামলা, ধ্বংসযজ্ঞ এবং জমি দখলের পরও পশ্চিম তীরের বুরিন গ্রামে নিজেদের ভিটেমাটির ওপর অধিকার ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি কৃষকেরা।

ইসরায়েলি বুলডোজার দিয়ে অলিভ গাছ কেটে ফেলা, গমের ক্ষেত পুড়িয়ে দেওয়া এবং একের পর এক গ্রিনহাউস ধ্বংস করার পরও তারা বারবার গড়ে তুলছেন তাঁদের কৃষিজমি ও স্বপ্নের সমবায় সমিতি।

বুরিন গ্রামের ‘ল্যান্ড অ্যান্ড ফার্মিং কোঅপারেটিভ’-এর প্রতিষ্ঠাতা ঘাসান নাজ্জার এবং তাঁর সঙ্গে ২৫টি ফিলিস্তিনি পরিবার নিজেদের কৃষিজমি রক্ষায় এক অনন্য কৌশল বেছে নিয়েছেন, যার নাম তাঁরা দিয়েছেন ‘টম অ্যান্ড জেরি প্রোগ্রাম’।

নাজ্জারের ভাষায়, প্রতিদিন সকালে আমরা জমিতে যাই। সেনাবাহিনী এলে আমরা পিছিয়ে যাই, তারা চলে গেলে আমরা আবার কাজে ফিরে আসি। চাষাবাদ না থাকলেও আমরা জমিতে বসে চা খাই, যাতে দখলদার ও সেনাবাহিনী বুঝতে পারে—এটি আমাদের জমি এবং আমরা এখান থেকে কোথাও যাব না।

ইসরায়েলি বাহিনীর বারবার হামলা ও অবৈধ বসতি স্থাপনকারীদের তণ্ডবলীলায় ইতিমধ্যেই কোঅপারেটিভের হাজার হাজার ডলারের গ্রিনহাউস ধ্বংস হয়েছে, ৯ হাজার টমেটোর চারা শুকিয়ে মারা গেছে এবং ১৫০০-র বেশি জলপাই ও অন্যান্য গাছ কেটে ফেলা হয়েছে। তবুও হার না মেনে ফিলিস্তিনি পরিবারগুলো নিজেদের খাদ্য সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় মাটি আঁকড়ে পড়ে আছেন।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, পুরো পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন পর্যন্ত সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। তবে বুরিনের কৃষকদের সাফ কথা- আমদের মন দখল করতে পারবে না কেউ, আরেকটা 'নাকবা' (বিপর্যয়) মেনে নেওয়ার চেয়ে জমিতে প্রাণ দেওয়া অনেক সম্মানের।

সূত্র: আল-জাজিরা