মসজিদে নববীতে সমন্বিত সেবা ব্যবস্থা চালু

মসজিদে নববীতে আগত মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের ইবাদত ও জিয়ারত আরও স্বাচ্ছন্দ্যময় করতে মদিনায় সমন্বিত সেবা ব্যবস্থা চালু করা হয়েছে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যাতায়াত ও বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে একযোগে কাজ করছে সংশ্লিষ্ট সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

মসজিদে নববীতে আগমন থেকে মদিনা ত্যাগ পর্যন্ত দর্শনার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দর্শনার্থীদের জন্য প্রতিদিনই নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। মসজিদ ও এর বিশাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্তকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার পথ সুশৃঙ্খল করা, পর্যাপ্ত শৌচাগার ও অজুর স্থান প্রস্তুত রাখা এবং সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জমজমের পানি ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হচ্ছে।

এসব ব্যবস্থার লক্ষ্য হলো, মুসল্লিরা যেন ব্যস্ততা ও নানা অসুবিধার পরিবর্তে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ, ইবাদত ও জিয়ারত করতে পারেন।

মসজিদে নববীকে ঘিরে মদিনার নগর পরিবেশকেও আরও দর্শনার্থীবান্ধব করে তোলা হচ্ছে। পথচারীদের চলাচলের সুবিধায় ফুটপাত ও হাঁটার পথ উন্নয়ন, সবুজ এলাকা বৃদ্ধি, ছায়াঘেরা স্থান তৈরি, আধুনিক আলোকসজ্জা এবং বিভিন্ন নাগরিক সুবিধার উন্নয়ন করা হচ্ছে।

বিশেষ করে প্রতিবন্ধী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে পৃথক ও সহজগম্য পথ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীরাও মসজিদ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তুলনামূলক সহজে যাতায়াত করতে পারছেন।

নিরাপত্তা, ট্রাফিক, পৌরসভা ও বাণিজ্যিক খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও সমন্বিতভাবে কাজ করছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে সৃষ্ট চাপ মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে হোটেল, রেস্তোরাঁ, বাজার, খাদ্যপ্রতিষ্ঠান ও অন্যান্য আতিথেয়তা কেন্দ্রের সেবার মান পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে মদিনায় অবস্থানকালে দর্শনার্থীরা মানসম্মত সেবা পান।

মদিনার এই সমন্বিত সেবা ব্যবস্থার মূল লক্ষ্য হলো আল্লাহর মেহমানদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা। সরকারি বিভিন্ন সংস্থা, দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে দর্শনার্থীদের সেবার মান আরও উন্নত করার চেষ্টা চলছে।

সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে মদিনায় আগত হজযাত্রী, ওমরাহ পালনকারী ও অন্যান্য দর্শনার্থীরা নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তির সঙ্গে ইবাদত এবং ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি।