ইইউ নিজেদের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে: ইরান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সমর্থন করায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, মার্কিন চাপের কাছে ইইউ নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইসমাইল বাঘেই।

তিনি বলেন, ‘ইইউ মনে হচ্ছে মার্কিন বলপ্রয়োগের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।’

তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের একপক্ষীয় ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন এবং ইইউর নিজস্ব নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেন বাঘেই।

তিনি বলেন, ওয়াশিংটনের অন্যায্য অর্থনৈতিক যুদ্ধে সমর্থন দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে ওয়াশিংটনের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন করবে এ দুটি অবস্থান একই সঙ্গে চলতে পারে না।

সূত্র: মিডল ইস্ট আই