ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের তিন দেশ

আঞ্চলিক সংঘাত নতুন মোড় নিয়ে এবার ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। সাম্প্রতিক ঘটনাবলির জেরে কুয়েত, জর্ডান ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

কুয়েত সামরিক বাহিনী জানিয়েছে, তারা সফলভাবে শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলা করছে। বিকট বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের ফল বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

জর্ডানের আকাশে প্রবেশ করা ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টিই গুলি করে ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। বাকি তিনটি ক্ষেপণাস্ত্র লোকালয় থেকে দূরে নির্জন প্রত্যন্ত এলাকায় গিয়ে আঘাত হানে।

অন্যদিকে বাহরাইনে অবস্থিত ‘শেখ ঈসা বিমান ঘাঁটি’ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মার্কিন ঘাঁটি ও রাডার কেন্দ্র লক্ষ্য করে চালানো এই হামলার পর বাহরাইনে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনার পর সংঘাতের সীমা ছাড়িয়ে সমগ্র অঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।