কিয়েভে রুশ হামলায় এক ভারতীয়সহ নিহত ১২

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক ভারতীয় নাগরিকও রয়েছেন। মঙ্গলবার ইউক্রেনীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে চালানো হামলায় কিয়েভে নিহত হয়েছেন আটজন। তাদের মধ্যে ছয়জন দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির কর্মী। একটি রেল ডিপোতে হামলার সময় তারা নিহত হন। হামলার পর কিয়েভের তিনটি জেলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

কিয়েভের আশপাশের বোরিসপিল শহরে একটি আবাসিক ভবনে হামলায় আরও চারজন নিহত হন। নিহত ভারতীয় নাগরিকও ওই ভবনে ছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি। তিনি জানান, ওই ব্যক্তির বয়স ২৬ বছর এবং মঙ্গলবারই ছিল তাঁর জন্মদিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া বিপুলসংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী রাতভর উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেন। ইউক্রেনের আরও আটটি অঞ্চলেও হামলা হয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ইউক্রেনের সামরিক শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে নিখুঁত আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকসান্দর শুভায়েভ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এক দিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরদিনই ইউক্রেনে ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর এলো।