রথে চড়িয়ে রাজকীয় বরণ

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম

টানা পাঁচ প্রজন্ম এবং দুই শতাব্দী পর পরিবারে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে ঘটেছে এই বিরল ঘটনা। কল্পনা হৃষিকেশ দহিফলে নামের এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে ‘গার্গী’।

দীর্ঘ ২০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে আসা এই নবজাতককে ঘিরে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মা ও মেয়েকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়। পুষ্পসজ্জিত রথ, ব্যান্ডপার্টি এবং ঢাকঢোলের তালে বিশাল শোভাযাত্রা করে তাদের রাজকীয় সম্মান জানানো হয়।

নাতনির জন্মে আনন্দে ভাসছেন দাদু লিম্বাজী দহিফলে ও ঠাকুমা সুরেশা দহিফলে। দাদু জানান, ঘরে কন্যাসন্তানের আগমন তাদের পরম সৌভাগ্য। আর ঠাকুমার মতে, তাদের ঘরে সাক্ষাৎ দেবী লক্ষ্মী পদার্পণ করেছেন।

নবজাতকের বাবা বলেন, সমাজে অনেকেই এখনো পুত্রসন্তানের আশা করেন, তবে কন্যাসন্তান জন্মদান এক অনন্য অনুভূতি। মেয়েরা বাবার প্রতি বেশি অনুগত হয় উল্লেখ করে তিনি জানান, মেয়েকে ফুলের মতোই আদরে বড় করবেন।

পরিবারটির মূল উদ্দেশ্য ছিল সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। কন্যাসন্তানের জন্ম যে চরম আনন্দ ও গর্বের বিষয়, সেটি উদযাপনের মাধ্যমেই তারা পুরো এলাকার মানুষের কাছে তুলে ধরেছেন।

সূত্র: এনডিটিভি