প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে বরখাস্তের দাবি মার্কিন সিনেটরের

ইরানের সঙ্গে চলমান যু/দ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ‘নেতৃত্বের শূন্যতা’ তৈরি করার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর থম টিলিস।

গত সোমবার পেন্টাগন প্রধান হেগসেথের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকল। এর পরপরই এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উত্তর ক্যারোলিনার সিনেটর টিলিস, ড্রিসকলের মেধার প্রশংসা করে হেগসেথের তীব্র সমালোচনা করেন।

সিনেটর টিলিস লেখেন, আমাদের দেশের জন্য সেবারত বীর সদস্য ও নারীদের এত অদক্ষ ব্যবস্থাপনা আমি আগে কখনো দেখিনি। তিনি (হেগসেথ) যোগ্যতাকে ভয় পান এবং জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক বাহিনীর কল্যাণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজের দিকে নজর না দিয়ে কালচার ওয়ার (সংস্কৃতি যুদ্ধ) উস্কে দিতে ব্যস্ত থাকেন।

তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি পেন্টাগনে এমন একজন নতুন নেতা নিয়োগের অনুরোধ জানাচ্ছি যিনি আমাদের সামরিক মেধা ধ্বংস না করে সেটিকে আরও শক্তিশালী করবেন।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির সদস্য হওয়া সত্ত্বেও থম টিলিস সাম্প্রতিক বছরগুলোতে দলীয় কিছু সিদ্ধান্তের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০২৫ সালের জুনে ট্রাম্পের সমালোচনার মুখে তিনি ঘোষণা করেন যে ২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি আর অংশ নেবেন না।

দায়িত্ব গ্রহণের পর থেকেই হেগসেথ সেনাবাহিনীতে ‘ওকনেস’ (wokeness) বা প্রগতিশীল মানসিকতা দূর করার নামে বিতর্কিত একাধিক পদক্ষেপ নিয়েছেন। শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত, পদোন্নতি আটকে দেওয়া এবং ট্রান্সজেন্ডার সদস্যদের বাদ দেওয়ার মতো কাজ করে তিনি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে শূন্যতা তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। ইউক্রেন ও ইরানের বিরুদ্ধে চলমান নতুন ধারার যুদ্ধের সময়ে সংস্কৃতির লড়াইয়ে পেন্টাগন প্রধানের মনোনিবেশকে বিপজ্জনক বলে চিহ্নিত করেন টিলিস। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের ঠিক আগে জ্বালানির আকাশছোঁয়া মূল্য এবং ইরান যুদ্ধের দীর্ঘসূত্রতায় হেগসেথ ও ট্রাম্প প্রশাসনের ওপর জন অসন্তোষ ক্রমেই বাড়ছে।

সূত্র: আল-জাজিরা