মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি

ইরান-সংশ্লিষ্টতার অজুহাতে চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য রক্ষায় এই একতরফা সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ওয়াশিংটনের এই পদক্ষেপকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য হুমকি বলা হয়। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীন-রাশিয়ার মতো দেশকে ইরান ও বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বন্ধের আহ্বান জানালে এ প্রতিক্রিয়া আসে।

এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার জেরে কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে কাতার। দোহা জানিয়েছে, এই আক্রমণ কুয়েতের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, যা আঞ্চলিক শান্তির কূটনৈতিক পথকে রুদ্ধ করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কুয়েতের আত্মরক্ষা ও সার্বিক নিরাপত্তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে এই হামলার যাবতীয় পরিণতির জন্য ইরানকে দায়ী করে সংঘাত এড়াতে সব পক্ষকে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছে তারা।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি মার্কিন সামরিক অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে তেহরান। সেখান থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে এই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।