ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা এবং যুদ্ধ কবে শেষ হতে পারে, তা নিয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে না, তবে বিভিন্ন এলাকায় আবারও সংঘাত বৃদ্ধির বিষয়টি দৃশ্যমান।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, বর্তমানের সংঘাতময় পরিস্থিতিকে সরাসরি ‘যুদ্ধ’ বলা ঠিক হবে না। তার মতে, এ মুহূর্তে কোনো বড় ধরনের গোলাগুলি না চললেও কয়েকটি অঞ্চলে উত্তেজনা বেড়েছে। মূলত ইরান ও আমেরিকার মধ্যকার টানা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই তার এই মন্তব্য সামনে এল।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, প্রায় ছয় সপ্তাহ ধরে চলা তীব্র সামরিক অভিযানের ফলে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। তবে সংঘাত পুরোপুরি থামার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ইরানিরা কবে থেকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করবে, তার ওপরই সব নির্ভর করছে।
সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হরমুজ প্রণালির দিকে ইঙ্গিত করে ভ্যান্স জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান নিয়মিত বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, এর স্থায়িত্ব ঠিক কতদিন হবে—তা কেবল ইরানের পক্ষেই নির্ধারণ করা সম্ভব, আমেরিকার কাছে এর নির্দিষ্ট কোনো উত্তর নেই।
সূত্র: আল জাজিরা