বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নিয়মের ফলে বাংলাদেশি পর্যটকদের সাধারণত এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের আগের মতো সাধারণভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।
নতুন নীতিতে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।
অন্যদিকে, বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের সাধারণ ভ্রমণ বা সামাজিক সফরের ক্ষেত্রে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তবে নতুন এই নীতির প্রভাব মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ, ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিটি ভিজিট ভিসা ও সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা এই পরিবর্তনের আওতাভুক্ত নয়।
ফলে মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের ভিসা ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে সাধারণ ভ্রমণের জন্য আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা আর পাওয়া যাবে না।