ইউক্রেনের রাজধানী কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ (SBU)-এর সদরদপ্তরে একটি ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এটি রাশিয়ার অন্যতম হাই-প্রোফাইল লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার ঘটনা।
হামলার পরপরই কিয়েভের ঐতিহাসিক এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় মেয়রের তথ্যমতে, আকস্মিক এই বিস্ফোরণে অন্তত ১২ জন সাধারণ নাগরিক ও কর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে সংঘাতের চরম অবনতি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, ড্রোনটি সরাসরি নিরাপত্তা প্রধানের কক্ষ লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল এবং এর কঠিন ও দৃশ্যমান প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সরকারি ও প্রশাসনিক ভবনগুলোতে সরাসরি বড় ধরনের কোনো আঘাত হানতে সক্ষম হয়নি রাশিয়া। ফলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে এই ধ্বংসযজ্ঞ নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ দীর্ঘদিন ধরে রাশিয়ার সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করছে। বিশেষ করে দূরপাল্লার ড্রোন অপারেশন ও শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের টার্গেট করার পেছনে সংস্থাটি ভূমিকা রেখে আসছে।
সূত্র: রয়টার্স