টিউনিশিয়ায় সাংবাদিক মোহামেদ ইউসফি গ্রেপ্তার

প্রেসিডেন্ট কায়েস সাঈদের কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার থাকা বিশিষ্ট সাংবাদিক মোহামেদ ইউসফিকে গ্রেপ্তার করেছে টিউনিশিয়ার পুলিশ। ন্যাশনাল সিন্ডিকেট অব টিউনিশিয়ান জার্নালিস্টসের প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, অনুসন্ধানী সংবাদ মাধ্যম 'আল-কাতিবা'-র প্রধান সম্পাদক ইউসফিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার হেফাজতে নেওয়া হয়।

ঘটনার পর থেকে টিউনিশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কর্তৃপক্ষ এই গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউসফির বিরুদ্ধে তদন্তের আসল কারণ এখনও অস্পষ্ট হলেও এটি চলতি বছর দেশটিতে স্বাধীন গণমাধ্যম ও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপেরই অংশ।

চলতি বছরেই টিউনিউজ সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা খাওলা বুকরিমকে অনুপস্থিতিতে চার বছরের সাজা দেওয়া হয়েছে, যিনি বর্তমানে ফ্রান্সে নির্বাসিত। এছাড়া মে মাসে সাংবাদিক জিয়াদ এল-হেনিকে এক বছরের এবং জানুয়ারিতে রাজনৈতিক বিশ্লেষক বোরহেন বিসাইস ও মুরাদ জেঘিজনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, প্রেসিডেন্ট কায়েস সাঈদের শাসনামলে টিউনিশিয়ায় গণতন্ত্র ও বাকস্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে স্বাধীন কণ্ঠস্বর চেপে ধরার জন্য সাংবাদিক ও সমালোচকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন ক্রমেই বাড়ছে।

একই সপ্তাহের বৃহস্পতিবারে সাঈদ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিরোধী নেতা, আইনজীবী ও মানবাধিকারকর্মীসহ ৪০ জনের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। রাষ্ট্রীয় বিচার বিভাগের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বিরোধী নেতারা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সূত্র: রয়টার্স