বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে সামরিক বাহিনীর আতশবাজি ও বিস্ফোরক মজুত রাখার স্থানে এই দুর্ঘটনা ঘটে।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির গুদাম থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে, তবে বিস্ফোরণের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা জানান, প্রাণহানির সংখ্যা ১০ থেকে ১৫ জন পর্যন্ত হতে পারে। আহতদের মধ্যে অন্তত ১৪ জনকে রাজধানী লা পাজে জরুরি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে মারাত্মকভাবে দগ্ধ এক শিশুও রয়েছে।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জুস্টিনিয়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আহতদের মধ্যে ৫২ জন সাধারণ বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য। বিস্ফোরণের তীব্রতায় সেনাক্যাম্পের আশপাশের বহু বাড়িঘরের জানালার কাচ ভেঙে তছনছ হয়ে গেছে।

ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুনরায় বিস্ফোরণের ঝুঁকি থাকায় আশপাশের বাসিন্দাদের অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বলিভিয়া কর্তৃপক্ষ।