নিহত ফিলিস্তিনিদের পরিবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা জেলার তুরমুস আয়া শহর সফর করেছেন। সেখানে তিনি মার্কিন নাগরিক এবং ইসরায়েলি বসতিস্থাপনকারী ও সেনাদের হামলায় নিহত ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

সফরকালে হাকাবিকে শহরটির সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তুরমুস আয়ায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের হাজার হাজার দুনাম (ভূমির পরিমাপ) জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে হাকাবি নিজেও কয়েক সপ্তাহ আগে কুসরা এলাকায় ফিলিস্তিনি-আমেরিকান একটি পরিবারের ওপর বসতিস্থাপনকারীদের অবরোধকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তুরমুস আয়া দীর্ঘদিন ধরে বসতিস্থাপনকারীদের সহিংসতার শিকার হয়ে আসছে। ২০২৩ সালে শহরটিতে বড় ধরনের বসতিস্থাপনকারী হামলায় বহু বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।