অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে এক নারীসহ তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার (WAFA) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ওয়াফা জানিয়েছে, জেনিন শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ব্যবহৃত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে আদওয়ান আল-ক্রুজ ও তার মাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে হয়েছে বলে ফিলিস্তিনি পক্ষের অভিযোগ।
এ ছাড়া জেনিন শহরের পূর্বাঞ্চলে পৃথক আরেকটি অভিযানে মোহাম্মদ নাসের আল-সাদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এর আগে ইসরায়েলি বাহিনী জেনিন গভর্নরেটের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
জেনিন ও এর আশপাশে ইসরায়েলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও বসতি সম্প্রসারণের ফলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে।