ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষে শনিবার ৬০ জনের বেশি নিহত হয়েছেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধারা হতাহত হয়েছেন বলে সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরান-সমর্থিত হুতিদের পক্ষের চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, তাদের ৩১ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এদিকে, তায়েজ গভর্নরেটে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যাও বেড়েছে। ইয়েমেনের একটি স্বাস্থ্যসূত্র এএফপিকে জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এর আগে সরকারপন্থী সূত্রগুলো চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিল। হামলায় একটি বাসে থাকা বেসামরিক লোকজন হতাহত হন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
তায়েজের আশপাশে সাম্প্রতিক সময়ে লড়াই আবারও তীব্র হয়েছে। হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী বিভিন্ন কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। একই সময়ে হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব আল-মান্দাব-এর দিকে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলে বিশ্লেষকদের ধারণা।
এই সংঘর্ষ ইয়েমেনে কয়েক বছরের তুলনামূলক স্থিতাবস্থার পর নতুন করে সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তায়েজ ও পশ্চিম উপকূলীয় এলাকায় লড়াই তীব্র হলে লোহিত সাগর ও বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ নৌপথেও এর প্রভাব পড়তে পারে।
শনিবার ( ৫সেপ্টেম্বর ) লড়াইয়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উভয় পক্ষের দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।