যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৬০

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত নতুন রূপ নিয়েছে।

২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটাই দেশটির সবচেয়ে ভয়াবহ লড়াইগুলোর একটি। কয়েক ঘণ্টার এই সংঘাত ও বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সামরিক সূত্রে জানা গেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে ২৬ জন সরকারি সেনাসদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে হুথিদের চিকিৎসা ও সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, পাল্টা লড়াইয়ে তাদের অন্তত ৩১ জন বিদ্রোহী যোদ্ধা মারা গেছেন। সংঘাতের ফলে উভয় পক্ষের মধ্যবর্তী সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সংঘাতের মাঝে তায়িজ শহরের কাছে একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭ জন আহত হন। এর আগে সরকারি বাহিনী হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালালে এই উত্তাপ ছড়ায়। (সূত্র: দ্য গার্ডিয়ান)