ভারতের উত্তরাখণ্ডে অনুমোদনহীন ও নির্ধারিত মানের শিক্ষা না দেওয়ার অভিযোগে মাদ্রাসার বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজ্য প্রশাসন। এরই মধ্যে ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি মাদ্রাসা সিলগালা করা হয়েছে এবং বাকি তিনটির কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ড প্রশাসন মাদ্রাসাবিরোধী অভিযান প্রাদেশিক রাজধানী দেহরাদুন ও হালদাওয়ানিতেও বিস্তৃত করেছে।
প্রদেশের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, অভিযানে এখন পর্যন্ত ২০টি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি সিলগালা করা হয়েছে। অন্য তিনটি মাদ্রাসার কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সরকারি নির্দেশিত আইন ও প্রয়োজনীয় স্বীকৃতি ছাড়া রাজ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না।
সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে রাজ্যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মান প্রতিষ্ঠাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং বলেন, শিশুদের শিক্ষার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সূত্র: দ্য স্টেটসম্যান