ইরানের সাথে ঐক্য নিয়ে আমরা গর্বিত : হিজবুল্লাহ

লেবাননের জাতীয় সংসদের ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের প্রভাবশালী সদস্য ও হিজবুল্লাহর প্রতিনিধি হুসেইন আলহাজ হাসান বলেছেন, আঞ্চলিক সমীকরণে ইরানের প্রভাব স্পষ্ট। ইরান সবসময় আমাদের পাশে আছে এবং ইরানের সাথে ঐক্য নিয়ে আমরা গর্বিত।

 

তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) নিজ দেশ এবং এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন হুসেইন আলহাজ হাসান। এ সময় তিনি বলেন, আত্মসমর্পণের প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তা ও প্রতিরোধের পথ অব্যাহত রাখব।

 

হুসেইন আলহাজ হাসান জোর দিয়ে বলেন, ইরানের সাথে নিজেদের ঐক্য নিয়ে হিজবুল্লাহ গর্বিত। ইরান সবসময় আমাদের সমর্থন করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। ইরানের ওপর নির্ভরতা, দেশটির শক্তি ও অর্জন নিয়েও হিজবুল্লাহ গর্বিত।

 

তিনি আরো বলেন, বর্তমানে ইরান হরমুজ প্রণালী, তেলের মূল্য এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ রাখে। এটি আমাদের এবং ইরানের মিত্রদের হাতে থাকা একটি হাতিয়ার, যা আমরা নিজেদের শর্ত প্রতিষ্ঠায় ব্যবহার করব।

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত সম্পর্কে হিজবুল্লাহর এই প্রতিনিধি বলেন, এই লড়াই এখনো চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়নি। তবে তেহরান কখনো আত্মসমর্পণ করবে না এবং নিজেদের চাপ প্রয়োগের হাতিয়ারগুলো থেকেও সরে আসবে না।

 

হুসেইন আলহাজ হাসান বলেন, ওয়াশিংটন যুদ্ধের মাঠে যা অর্জন করতে পারেনি, তা রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক উপায়ে অর্জনের চেষ্টা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি, রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।রাজনৈতিক বিশ্লেষণ

 

লেবাননের এই সংসদ সদস্য আরো বলেন, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভাণ্ডার নিঃশেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিরোধ শক্তি মার্কিন ও ইসরাইলিদের প্রকৃত ও মৌলিক লক্ষ্যকে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। তারা প্রতিরোধকে ধ্বংস করতে চায়।

 

তিনি বলেন, হিজবুল্লাহ ইরানের নেতৃত্বাধীন একটি আঞ্চলিক সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন ‘অশুভ অক্ষের’ বিপরীতে অবস্থান করছে। আমরা আমাদের পথ অব্যাহত রাখব এবং দেখব, এই পথ আমাদের কোথায় নিয়ে যায়। আপনারাও আপনাদের পথ অব্যাহত রাখুন এবং দেখুন, তা আপনাদের কোথায় নিয়ে যায়।

 

সূত্র : পার্সটুডে