১২ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

সৌদি আরবে আকামা (আবাসন), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ বাসিন্দাকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

উদ্ধার ও তল্লাশি অভিযান চলাকালে সাত হাজার অবৈধ অধিবাসীসহ মোট ১৪ হাজারের কাছাকাছি ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েছেন। মূলত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা ও স্থানীয় শ্রম আইন অমান্য করায় এই ধরপাকড় চালানো হয়। আটক হওয়া ব্যক্তিদের সিংহভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে।

আইন অমান্যকারীদের সহায়তা করার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধদের বাসস্থান দেওয়া, কাজ পাইয়ে দেওয়া কিংবা যাতায়াতে সাহায্য করলে ১৫ বছরের জেল, মোটা অঙ্কের জরিমানা এবং সম্পদ বাজেয়াপ্ত করার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ