কেপ ভার্দেতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২৫

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই কিশোর-কিশোরী।

স্থানীয় সময় শনিবার ফোগো দ্বীপের পাহাড়ি এলাকা 'কাম্পানাস দে সিমা' রুটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারালে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া পেরেইরা নেভেস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে একটি "মহা বিপর্যয়" বলে অভিহিত করেছেন।

দ্বীপাঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের বীভৎস শারীরিক অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে সাতটি মৃতদেহ দাফন করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

আইল্যান্ড ট্র্যাজেডির খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বজনহারাদের সমবেদনা জানাতে প্রেসিডেন্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার ফোগো দ্বীপ সফর করেছেন।