ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতদের সঙ্গে কিয়েভে দীর্ঘ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধটি সম্ভবত এই শীতকাল জুড়েও গড়াচ্ছে। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার কিয়েভ সফর করলেও চূড়ান্ত কোনো রাজনৈতিক সমঝোতার খবর জানা যায়নি। তবে শিগগিরই যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে পরবর্তী বৈঠকের বিষয়ে তারা একমত হয়েছেন।

কিয়েভে পৌঁছানোর আগে মার্কিন প্রতিনিধি দলটি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করে। এই সফরের সময় দুই দেশের পক্ষ থেকেই রাজধানী কিয়েভ ও মস্কোতে তিন দিনের জন্য হামলা সাময়িক বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়।

জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, তিনি এমন এক স্থায়ী ও ন্যায়সংগত শান্তি চান যেখানে রাশিয়া পুনরায় আগ্রাসন চালানোর সুযোগ পাবে না। শীতকালজুড়ে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের বিদ্যুৎ খাত ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে মার্কিন সহায়তার তাগিদ দেন তিনি। বিশেষ করে মার্কিন তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি, যদিও ইরান যুদ্ধের কারণে ওয়াশিংটনের সেই মজুতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।

মার্কিন দূত স্টিভ উইটকফ এই আলোচনাকে 'ফলপ্রসূ' আখ্যা দিয়ে জানিয়েছেন, মস্কো ও কিইভ উভয় স্থানেই বেশ অগ্রগতি হয়েছে। অপরদিকে, ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে পুতিনের সঙ্গে তাদের খোলামেলা আলোচনা হয়েছে। ইউক্রেনের পঞ্চম একাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও দুই পক্ষই রক্তক্ষয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: বিবিসি