বিজ্ঞাপনে সাবেক ইসরায়েলি সেনা

বিশ্বজুড়ে অ্যাডিডাস বয়কটের ডাক

হাত-পা হারানো ব্যক্তিদের জন্য প্রস্তুতকৃত বিশেষ জুতার বিজ্ঞাপনে সাবেক এক ইসরায়েলি সেনাকে মডেল হিসেবে যুক্ত করায় চরম সমালোচনা ও বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়েছে বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস। ইসরায়েলে ধারণকৃত বিজ্ঞাপনটিতে দেখা যায়, ২০২১ সালের গাজা হামলায় পা হারানো সাবেক ইসরায়েলি সেনা শালেভ বিটোন একটি দোকানে জুতা ট্রায়াল দিচ্ছেন এবং পরবর্তীতে তা পরে আউটডোরে দৌড়াচ্ছেন।

প্যালেস্টাইনি অধিকারকর্মী ও মানবাধিকার সংস্থাগুলো এই বিজ্ঞাপনকে ফিলিস্তিনিদের জন্য এক ধরনের চরম অপমান হিসেবে অভিহিত করেছে। প্যালেস্টাইন ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অফ ইসরায়েল-এর প্রতিনিধি স্টিফেনি ওয়েস্টব্রুক আল জাজিরাকে বলেন, এটি অ্যাডিডাসের কোনো অসচেতন ভুল নয়; এটি সেইসব ফিলিস্তিনিদের প্রতি চরম অবমাননা যারা ইসরায়েলি হামলায় স্বজন হারিয়েছেন কিংবা হাত-পা হারিয়েছেন। গণহত্যাকারী ও বর্ণবাদী এক বাহিনীর সদস্যকে বিজ্ঞাপনে এনে ইসরায়েলের অপরাধকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪২ হাজার ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন এবং শিশু সহ হাজার হাজার মানুষ অঙ্গ হারিয়েছেন। যখন গাজায় ওষুধ ও কৃত্রিম অঙ্গ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল, তখন এমন বিজ্ঞাপনের প্রতিবাদে স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম, লেখক ফাতেমা ভুট্টো ও সুসান আবুলহাওয়াসহ বিশ্বজুড়ে সাধারণ মানুষ অ্যাডিডাস বয়কটের ডাক দিয়েছেন।