ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ভাতা নিয়ে ভোগান্তিতে স্বজনরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষে নিহত মার্কিন সৈনিকদের স্বজনরা সরকারি প্রাপ্য ভাতা ও সাহায্য-সহযোগিতা পেতে চরম ভোগান্তির মুখে পড়েছেন। কংগ্রেসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধের অনুমোদন’ দেওয়া হয়নি এমন আইনি অজুহাতে নিহত সেনা সদস্যদের স্বজনদের সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

চলতি বছরের মার্চ মাসে পশ্চিম ইরাকে মার্কিন সামরিক হামলায় সহায়তাকারী একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্তে প্রাণ হারান ৩৩ বছর বয়সী বিমানবাহিনীর কর্মকর্তা মেজর অ্যালেক্স ক্লিনার। তার বিধবা স্ত্রী লিবি ক্লিনার ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো টেকনিক্যাল বা অফিশিয়াল ‘যুদ্ধ ঘোষণা’ না থাকায় তাকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অযোগ্য ঘোষণা করে বিমানবাহিনী। ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিলে পরবর্তীতে সুর বদলায় মার্কিন প্রশাসন। তারা দাবি করে, হিসাবের ভুল সংশোধনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ডিউটি ও ট্যাক্স মওকুফের ভাতা যুক্ত করা হয়েছে।

বিগত ছয় মাসের বেশি সময় ধরে চলা এই ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী লড়াইয়ে ইতোমধ্যে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৭৮০ জন আহত হয়েছেন। তা সত্ত্বেও সংঘাতটিকে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মেনে নিতে নারাজ মার্কিন প্রশাসন। এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে ‘সক্রিয় যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষয়ক্ষতিকে নিজেদের জন্য ‘অত্যন্ত সামান্য বিষয়’ বা একটি সীমিত সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিলে নতুন বিতর্ক সৃষ্টি হয়। স্বজনদের আরও অভিযোগ, পেন্টাগন কৌশলগতভাবে নিহত ও আহত সেনা সদস্যের প্রকৃত সংখ্যা এবং আঘাতের ভয়াবহতা চেপে যাওয়ার চেষ্টা করছে।
সূত্র: টেলিগ্রাফ