দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ১১

দক্ষিণ লেবাননের কফর রেমান শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাতে এই তথ্য জানা গেছে।

এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় দুই শিশুসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও ৫ জন।

এছাড়া একই শহরে একটি গাড়িতে চালানো পৃথক ড্রোন হামলায় হিজবুল্লাহর মিত্র রাজনৈতিক দল আমাল মুভমেন্টের 'রিসালা স্কাউটস'-এর দুই জরুরি স্বাস্থ্যকর্মী (প্যারামেডিক) প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, মধ্যরাতের পর দক্ষিণ লেবাননের নাবাতিহ ও পার্শ্ববর্তী আরব সালিম শহরেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি ডেইর আল-জাহরানি এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বেসামরিক বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর একটি ভবন বোমাবর্ষণ করে গুঁড়িয়ে দেয়।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।