ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দক্ষিণ কোরিয়াকে কোনো ধরনের ‘সহযোগিতা বা অংশীদার’ না হওয়ার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের কোনো আগ্রাসী পদক্ষেপকে সমর্থন করলে বা তাতে সহায়তা পাঠালে দক্ষিণ কোরিয়াকে তার ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচলের সুরক্ষায় নিজেদের অবদান বা সামরিক উপস্থিতি রাখার বিষয়টি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবেচনা করছে- এমন খবরের পর পরই এই কড়া প্রতিক্রিয়া জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং তেহরান নিজের আত্মরক্ষা করছে, তখন পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি কিংবা সামরিক অভিযানে অংশগ্রহণকে সরাসরি হামলাকারী আমেরিকার প্রতি সমর্থন হিসেবেই গণ্য করা হবে। আর এর ফলাফল কখনোই ইতিবাচক হবে না।
বাঘাই আরও জোর দিয়ে বলেন, আমেরিকার চাপ ও হুমকির কাছে নতিস্বীকার করে কোনো সার্বভৌম ও দায়িত্বশীল রাষ্ট্রের উচিত হবে না মহৎ ইরানি জনগণের বিরুদ্ধে চালানো মার্কিন আগ্রাসন ও ভয়াবহ অপরাধের অংশীদার হওয়া।
সূত্র: আল-জাজিরা