লেবাননে আগ্রাসনের পর ইসরায়েল কোনো ‘সীমারেখা মানছে না’: ইরান

লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং দক্ষিণাঞ্চল দখলের পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ বলে উল্লেখ করেছে ইরান। তেহরানের মতে, তেল আবিবকে কোনো আন্তর্জাতিক সীমানা বা নিয়মনীতি না মেনে চলতেই অভ্যস্ত করে তোলা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন, জাতিসংঘের নিষ্ক্রিয়তা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বুলি আওড়ানো ইউরোপীয় দেশগুলোর উদাসীনতার কারণেই মূলত ইসরায়েল এক ধরনের দায়মুক্তির সুযোগ পেয়ে আসছে।

বাঘাই জোর দিয়ে বলেন, লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর এই ধরনের সামরিক পদক্ষেপ দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর এক স্পষ্ট আঘাত। তিনি আরও বলেন, চলমান এই ঘটনাপ্রবাহ আবারও প্রমাণ করেছে যে লেবাননের নিজস্ব সার্বভৌমত্ব, মর্যাদা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা অর্জন এবং প্রতিরোধ গড়ে তোলা কতটা জরুরি।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাঘাই সতর্ক করে বলেন, এমন একটি রাজনৈতিক ও সামরিক শক্তির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে প্রতিরোধ ও দৃঢ়তার কোনো বিকল্প নেই—যে শক্তি আন্তর্জাতিক কোনো সীমারেখাকেই তোয়াক্কা করে না। লেবানন এবং পুরো অঞ্চলের জন্য এই ঘটনা একটি বড় শিক্ষা।

সূত্র: আল-জাজিরা