মার্কিন দূতদের সফর শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

মার্কিন দূতদের মস্কো ও কিয়েভ সফর থেকে শান্তির কোনো দৃশ্যমান অগ্রগতি না আসায় এবং তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কিয়েভ সামরিক প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার এই জোড়া বিমান হামলায় কিয়েভের দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাজধানীর পাশাপাশি কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বোরিসপিল এবং ফাসটিভ জেলাতেও কামিকাজে ড্রোন আঘাত হেনেছে। হামলার সময় কিয়েভ সামরিক প্রশাসন পুরো শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।

ইউক্রেনে হামলার পরপরই রাশিয়া দাবি করেছে, মস্কো থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে সারাতভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মস্কো ও কিয়েভ সফর উপলক্ষে তিন দিনের জন্য দুই দেশের রাজধানীতে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিশ্চিত করেছে, পুতিনের নির্দেশিত এই তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে।

উইটকফ ও কুশনার মস্কোতে পুতিনের সহকারী ইউরি উশাকভের সাথে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন, যাকে ক্রেমলিন অত্যন্ত দরকারী বলে অভিহিত করেছে। জেলেনস্কির সাথে বৈঠক শেষে উইটকফ একে খুব অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বর্ণনা করে ত্রিপক্ষীয় আলোচনা পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ অবসানে পরবর্তী পদক্ষেপগুলোর বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা