সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা, দায় স্বীকার হুতিদের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একাধিক জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটিতে চালানো সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো'র বেশ কয়েকটি কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, সৌদি আরবের আবহা, নাজরান এবং জিজান অঞ্চলে অবস্থিত আরামকোর তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাশাপাশি খামিস মুসাইত এলাকায় অবস্থিত একটি কৌশলগত বিমানঘাঁটিতেও সফল আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে হুতি মুখপাত্র আরও দাবি করেন, এই যৌথ অভিযানে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সকালে সৌদির জ্বালানি মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলে হামলায় একাধিক তেল কেন্দ্রে আগুন লাগা ও হতাহতের খবর নিশ্চিত করলেও হামলার উৎস সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি।