ইয়েমেনে শিশুদের নিয়মিত টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় প্রায় ৫০ লাখ শিশু প্রয়োজনীয় টিকাদান থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের যুদ্ধ, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা এবং মানবিক সহায়তা নিয়ে বিরোধের মধ্যে এই সংকট আরও গভীর হয়েছে।
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের জন্য প্রয়োজনীয় নয় ধরনের নিয়মিত টিকার মজুতই শেষ হয়ে গেছে। তাদের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের পর থেকে নতুন করে টিকার চালান পৌঁছায়নি। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার অভিযোগ করেছে, হুথিদের নানা বাধার কারণে টিকা হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
টিকার সরবরাহ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাই। ইয়েমেনের স্বাস্থ্যকর্মীরা বলছেন, অনেক পরিবার টিকার সন্ধানে হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই যাতায়াতের খরচ বহন করা কঠিন।
টিকা সরবরাহের সংকটের মধ্যে হাম ও অন্যান্য টিকা-প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। মারিবে বছরের শুরু থেকে হাম-সম্পর্কিত ১২টি মৃত্যুর পাশাপাশি ১ হাজার ৬২৪টি সংক্রমণের খবর পাওয়া গেছে। চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (MSF) জানিয়েছে, ইয়েমেনে নিয়মিত টিকাদান, স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে দেশটির ১০ দশমিক ৮ মিলিয়ন শিশু মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে ছিল এবং প্রায় ৪০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে চালু অথবা পুরোপুরি অকার্যকর ছিল।
টিকা সংকটের ভয়াবহতা তুলে ধরে ইয়েমেনের এক স্বাস্থ্যকর্মী বলেন, সানা ও এডেনের কর্তৃপক্ষ যখন পরস্পরকে দায়ী করছে, তখন প্রয়োজনীয় টিকা না পেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে; এ দৃশ্য দেখা তার জন্য ‘হৃদয় ভেঙে যাওয়ার মতো’।
ইয়েমেনের এই সংকট শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়; এটি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও রাজনৈতিক বিভাজনের মানবিক মূল্যও সামনে নিয়ে এসেছে। টিকা সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে হাম, ডিপথেরিয়া, পোলিওসহ প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি আরও বাড়তে পারে। ইউনিসেফও সতর্ক করেছে, দেশটিতে সংঘাত ও অর্থনৈতিক সংকটের কারণে শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ইতোমধ্যেই মারাত্মকভাবে সংকুচিত।