তেহরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ায় কানাডার চরম সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। নৌ চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন নিয়ে অটোয়ার বক্তব্যকে স্রেফ লোকদেখানো ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাকাই ইরান ও হরমুজ প্রণালি নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাম্প্রতিক অবস্থান খণ্ডন করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট কানাডার সার্বভৌমত্বকে অবজ্ঞা করার পরও দেশটি নিজেদের প্রতিবেশীকে তোষামোদ করতে গিয়ে মধ্যপ্রাচ্যের বাস্তব তথ্য বিকৃত করছে।
বাকাই স্মরণ করিয়ে দেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত ছিল। কিন্তু কানাডা একদিকে মার্কিন অবৈধ হস্তক্ষেপ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে নিজেদের আন্তর্জাতিক আইনের রক্ষক দাবি করে নিজেদের মূল বিশ্বাসযোগ্যতাই হারিয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস জানা সত্ত্বেও কেন কানাডা তাদের আগ্রাসন ও অর্থনৈতিক যুদ্ধের বিরোধিতা করছে না। এটাকে দায়িত্বশীল কূটনীতি না বলে ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার এবং কৌশলগত বিভ্রান্তি হিসেবে আখ্যা দেন এই ইরানি মুখপাত্র।