ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার বিজয় ঘোষণাকে ব্যঙ্গ করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সরঞ্জামের সহায়তা নিয়ে ট্রাম্প কতবার এমন দাবি করেছেন, তা জানতে চান তিনি।
আজিজি ট্রাম্পের ইরান যুদ্ধে বিজয় দাবিসংক্রান্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পুনরায় প্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি কতবার করেছেন। এর জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা জানায়, ট্রাম্প ইরান যুদ্ধে বিজয়ের দাবি অন্তত ৬৬ বার করেছেন।
তবে আজিজির ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম বা এর দেওয়া সংখ্যার স্বাধীন কোনো যাচাই করা হয়নি।
এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির এই প্রধান বলেছিলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর পুরোপুরি প্রত্যাহার ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ নেই। তার দাবি, ওই অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতি নিরাপত্তা বাড়ানোর পরিবর্তে কেবল অনিরাপত্তা তৈরি করছে।
সম্প্রতি দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাকেও মার্কিন নীতির ব্যর্থতা হিসেবে তুলে ধরেছেন আজিজি। তার দাবি, ওই হামলায় কয়েকজন ইরানি নিহত হন এবং ঘটনাটি যুক্তরাষ্ট্রের অক্ষমতা, অসহায়ত্ব ও হতাশার প্রকাশ।
আজিজির ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে হামলা চালানোর ঘটনা দেখিয়ে দিয়েছে, ওয়াশিংটন কৌশলগতভাবে একটি অচলাবস্থায় পড়েছে। তাই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যে দুই দেশই পরস্পরের সামরিক সক্ষমতা ও যুদ্ধের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি দাবি করে আসছে। ট্রাম্পের বিজয় দাবিকে এভাবেই ব্যঙ্গ করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের এই জ্যেষ্ঠ সংসদ সদস্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি