আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে যাওয়া পাঁচ সাংবাদিকসহ আটজনকে নিয়ে নিখোঁজ স্পিডবোটের সন্ধানে বুধবার (৯ সেপ্টেম্বর) আবারো উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল। দেশটির উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে।
বাসারনাসের তথ্যমতে, আটজনের দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে স্পিডবোটে করে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণ পরই বোটের মালিকের সাথে নৌযানটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পাঁচ ইন্দোনেশীয় সাংবাদিক মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহ করতে সেখানে যাচ্ছিলেন।
ইন্দোনেশিয়ায় কয়েক দিন ধরে চলা ওই অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং জাকার্তাসহ দেশটির বিভিন্ন শহর আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যায়।
সাংবাদিকদের সাথে ছিলেন বোটের দুই কর্মী ও এক গাইড।
মঙ্গলবার বিকেলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করা হলেও কয়েক ঘণ্টা পর প্রবল ঢেউ ও কম দৃশ্যমানতার কারণে তা স্থগিত করা হয়।
বুধবার উদ্ধারকারী দল অনুসন্ধান এলাকা আরো বিস্তৃত করেছে। বাসারনাস জানিয়েছে, অভিযানে পুলিশ, সামরিক বাহিনী, জেলে ও স্বেচ্ছাসেবকসহ কয়েক ডজন উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।
এক বিবৃতিতে বাসারনাস বলেছে, ‘উদ্ধার ও অনুসন্ধানকারী যৌথ দল প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে অভিযান চালিয়ে যাবে।’
উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ সাংবাদিকদের একজন সোমবার বিকেল ৩টার দিকে এক সহকর্মীর সাথে যোগাযোগ করে নিজের অবস্থান জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।