দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণ

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের প্রক্ষেপণ’ আঘাত হেনেছে। তবে হামলার ধরন, লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

ফার্স নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব শব্দ সমুদ্রের দিক থেকে এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এর এক দিন আগে, বুধবারও দক্ষিণাঞ্চলীয় শহর জাস্কের কাছাকাছি সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করেছিল ফার্স।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই সর্বশেষ বিস্ফোরণের খবর এলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ আরও বেড়েছে।

তবে সিরিক, মিনাব ও কেশমে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এতে হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।