ইয়েমেন পরিস্থিতির রাজনৈতিক সমাধানে অবিলম্বে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পূর্বসম্মত একটি রোডম্যাপের ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে নেওয়া উচিত।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইয়েমেনের মানুষের মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরানের ভাষ্য, চাপ, ভয়ভীতি ও কঠোর অবরোধ থেকে মুক্ত থেকে সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার ইয়েমেনিদের রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধকে ইরান ‘অবৈধ ও অমানবিক’ হিসেবে উল্লেখ করে তা অবসানের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটিকে গত এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ও সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে লোহিত সাগরসহ পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গেও ইয়েমেনের পরিস্থিতি সরাসরি সম্পর্কিত বলে মন্তব্য করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক আলোচনাও জরুরি। এ কারণে আগে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছে দেশটি।
তেহরানের এই আহ্বান এমন সময়ে এলো, যখন ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আবারও বাড়ছে। ইয়েমেনের সংঘাত শুধু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকেই প্রভাবিত করছে না, লোহিত সাগরের নৌপথ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়ছে।
ইরান বলছে, ইয়েমেন সংকটের টেকসই সমাধানের জন্য দেশটির জনগণের ওপর চাপ ও অবরোধের অবসান এবং রাজনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা প্রয়োজন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।