ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার বিমান হামলায় দুইজন আহত হয়েছেন। হামলায় একটি নয়তলা আবাসিক ভবনে আগুন ধরে যায়।
কিয়েভ শহর কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, শুক্রবার সকালে হামলার আগে কিয়েভে ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়। এ সময় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর আবাসিক ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার ভলগা নদীর তীরের শহর সারাতভে ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাতভ অঞ্চলের গভর্নর রোমান বুসারগিন টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন।
বুসারগিন বলেন, ড্রোন হামলায় কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সারাতভ অঞ্চলটি ইউক্রেনের নিয়মিত ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। চলতি সপ্তাহের শুরুতেও ওই অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া যায়।
সারাতভ অঞ্চলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি রোসনেফটের একটি বড় তেল শোধনাগার রয়েছে।
এ ছাড়া অঞ্চলটিতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক স্থাপনা রয়েছে। কিয়েভ ও সারাতভে হামলার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়া ও ইউক্রেন- দুই দেশই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।