গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান যুদ্ধে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৭৩ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ২৭ জন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবরে ঘোষিত তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৩৭৫ জন এবং আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে না পারায় বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।
সূত্র: আল-জাজিরা