রেকর্ড গড়ে শতবর্ষী ১ লাখ

জাপানিদের দীর্ঘায়ু ও ইকিগাই দর্শনের রহস্য

জাপানে জন্মহার কমলেও রেকর্ড হারে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার চেয়ে বেশি বয়সি মানুষের সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টানা ৫৬ বছরের মতো শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেখানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন প্রবীণ রয়েছেন, যা গত বছরের চেয়ে প্রায় ৮ হাজার বেশি।

জাপানের শতবর্ষী এই বিশাল জনসংখ্যার বড় একটি অংশই নারী। মোট প্রবীণের মধ্যে ৯৪ হাজার ২৯৮ জনই নারী, যা শতকরা হিসেবে প্রায় ৮৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সুষম ও পুষ্টিকর খাবার, উন্নত স্বাস্থ্যসেবা এবং সুশৃঙ্খল জীবনযাপন জাপানিদের দীর্ঘায়ুর মূল কারণ। এ ছাড়া ‘ইকিগাই’ বা জীবনের লক্ষ্য খুঁজে নেওয়ার দর্শন তাদের মানসিকভাবে সুস্থ রাখে।

বিশ্বব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, জাপানিদের গড় আয়ু ছিল ৮৪ বছর, যা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয়। তবে এই দীর্ঘায়ু দেশের অর্থনীতিতে প্রবীণ ভাতা ও চিকিৎসার খরচ বাড়িয়ে নতুন চাপ তৈরি করছে।

সূত্র: সিএনএন।