ব্রিকসে ‘স্ট্রোক’ হয় জিনপিংয়ের, দিল্লিফেরত সাউথ আফ্রিকার প্রেসিডেন্টও অসুস্থ

ব্রিকস সম্মেলনের সময়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীকিৎসার জন্য তাঁকে বিশেষ বিমানে করে চীনে নিয়ে যাওয়া হয়, যার জেরে সফর সংক্ষিপ্ত হয়েছে শি-র। বুধবার (১৬ সেপ্টেম্বর) এমনটাই দাবি করলেন চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে। তবে এ বিষয়ে চীন সরকারিভাবে কিছু জানায়নি। অন্যদিকে, ব্রিকস সম্মেলন ফেরত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও অসুস্থ হয়ে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চীনের ডেমোক্রেসি পার্টির নেতা লিখেছেন, দিল্লিতে জরুরি ভিত্তিতে চীনের প্রেসিডেন্টের চীকিৎসা করেন তাঁর সঙ্গে থাকা চীকিৎসকেরা। তার পরেই তাঁকে নিয়ে চীনের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমান। বেইজিং বিমানবন্দরে ওই বিমান পৌঁছোনোর পরে শি কে তোলা হয় সামরিক কপ্টারে। সেখান থেকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই হয় অস্ত্রোপচার।

ওয়ানজুনের দাবি, শি-র মেডিক্যাল বোর্ড মনে করছে তাঁর ইস্কিমিক স্ট্রোক (সেরিব্রাল ইনফার্কশন) হয়েছে।

প্রসঙ্গত, এই ধরনের স্ট্রোকে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ডেমোক্রেসি পার্টির নেতার দাবি, ‘ভারতের কোনও হাসপাতালে চীকিৎসা করাতে সম্মত হননি প্রেসিডেন্ট।’ 

চিকিৎসা করালে শি'র স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই চীনের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি ওয়ানজুনের। উল্লেখ্য, শি'র সফরের তালিকায় ছিল আমেরিকা। তবে তা এখনই সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, ব্রিকস সম্মেলন থেকে ফেরার পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। এই সময়ে কোনও জনসংযোগমূলক কর্মসূচীতে তিনি যোগ দেবেন না। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যেরা। তবে ভারত সফরকালেই নাকি দেশে ফেরার পরে তিনি অসুস্থ হয়েছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সাউথ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্টও চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা