পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত শহরে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তা ও ৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন।
শুক্রবার জুম্মার নামাজ চলাকালে কোহাতে অবস্থিত পুলিশ সদরদপ্তরের একটি মসজিদে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় হামলাকারী। বিকট শব্দে বিস্ফোরণের পর কোহাটের ওই মসজিদের একাংশ ও পুলিশ স্টেশনের সীমানা প্রাচীর ধসে পড়ে। বিস্ফোরণের পরপরই সশস্ত্র হামলাকারীরা পুলিশ কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তোলপাড় করা বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ছয়জন হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
পাক তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহী শাখা ‘ইত্তেহাদুল মুজাহিদিন’ এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে।
হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান সরকারের অভিযোগ, আফগান তালেবান তাদের ভূখণ্ডকে টিটিপির মতো সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও আশ্রয়ের কাজে ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আল-জাজিরা