যুক্তরাষ্ট্রে গোপন তথ্য ফাঁস: বাড়ছে নিহতের সংখ্যা

ইরানের সাথে চলমান মার্কিন ও ইসরায়েলি যুদ্ধে মার্কিন সেনা নিহতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে পেন্টাগনের বিরুদ্ধে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত অন্তত ২২ জন মার্কিন সেনা এই সংঘাত সংক্রান্ত পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাটি পেন্টাগনের জনসমক্ষে রাখা দাপ্তরিক তথ্যের চেয়ে অন্তত চারজন বেশি। মধ্যপ্রাচ্যের সরাসরি যুদ্ধক্ষেত্র এবং এই সংঘাত সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় এসব সেনার মৃত্যু ঘটে।

এদিকে প্রতিবেদনটি প্রকাশের পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে (সাবেক টুইটার) এটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তবে তথ্যের এই গরমিল নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে এই তথ্য গোপন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট