যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি চীনের কোম্পানি ‘হুয়াওয়ে’

চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন আদালতে এক ঐতিহাসিক ফৌজদারি মামলা শুরু হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই বিচারকাজ আগামী তিন মাস ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। (সূত্র: আল জাজিরা)

মার্কিন প্রসিকিউটরদের দাবি, হুয়াওয়ে একটি ‘অপরাধমূলক প্রতিষ্ঠান’ হিসেবে কাজ করেছে। কোম্পানিটির বিরুদ্ধে গত দুই দশক ধরে মার্কিন প্রতিষ্ঠানের ট্রেড সিক্রেট চুরি, ব্যাংক প্রতারণা ও ইরানে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

এমনকি ২০০৯ সালে ইরানে গণবিক্ষোভ চলাকালে নাগরিকদের ওপর নজরদারি চালাতে হুয়াওয়ে দেশটির সরকারকে সহায়তা করেছিল বলেও অভিযোগে উল্লেখ করেছেন মার্কিন প্রসিকিউটররা।

তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে হুয়াওয়ে জানিয়েছে, সাধারণ ব্যবসায়িক প্রতিযোগিতা ও কর্মীদের কিছু ভুলকে মার্কিন সরকার ষড়যন্ত্রমূলকভাবে বড় করে দেখাচ্ছে। বেইজিংও জানিয়েছে, তারা চীনা কোম্পানির আইনি অধিকার রক্ষায় পাশে থাকবে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন মার্কিন সফরের ঠিক আগ মুহূর্তে এই বিচার শুরু হওয়ায় দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তিগত উত্তেজনা আরও বৃদ্ধি পেল।

টেলিকম ও ফাইভ-জি ছাপিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের এই অর্থনৈতিক দ্বন্দ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর চিপ শিল্প পর্যন্ত ছড়িয়ে পড়েছে।