সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। ২৩ সেপ্টেম্বর (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
নতুন এই জোটটির কার্যক্রম পরিচালনার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘জেনারেল সেক্রেটারিয়েট’ বা সাধারণ সচিবালয় স্থাপন করা হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) নোমান মাহমুদ সরাসরি রিয়াদ থেকে জোটের প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমের সার্বিক নেতৃত্ব দেবেন।
গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নাম পরিবর্তন করে পরবর্তীতে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ করা হয়। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইঙ্গিত দিয়েছিলেন যে, এই কৌশলগত জোটের প্রথম মহাসচিব হবেন পাকিস্তানের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব।
তিন দেশের নিরাপত্তা জোড়দার ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে মূলত এই জোট গঠিত হয়েছে, যা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। সম্প্রতি ইস্তাম্বুলে জোটের উদ্বোধনী বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ সৌদি ও তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
ভবিষ্যতে মিশরের মতো প্রভাবশালী দেশও এই জোটে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মতে, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশও এ ধরনের অর্থনৈতিক বা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে ইতিবাচক।
সূত্র: আনাদোলু এজেন্সি