ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে আটকে যাওয়ার পর রিপাবলিকান সিনেটরদের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স।
স্যান্ডার্স রিপাবলিকানদের তাদের নির্বাচনী এলাকার মানুষের মতামতের প্রতিনিধিত্ব করার এবং ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমেরিকান জনগণ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইরানে এই ভয়াবহ যুদ্ধের অবসান চায়।’ এরপর তিনি অভিযোগ করেন, প্রায় সব রিপাবলিকান সিনেটর ট্রাম্পের সঙ্গে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
স্যান্ডার্স আরও প্রশ্ন তোলেন, রিপাবলিকানরা কখন তাদের নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করবেন এবং ট্রাম্পের বিরোধিতা করার সাহস দেখাবেন।
বৃহস্পতিবার মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাব ভোটে প্রত্যাখ্যাত হয়। প্রস্তাবটিতে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার অথবা যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নেওয়ার দাবি জানানো হয়েছিল।
প্রস্তাবটির পক্ষে ৪৯ ভোট এবং বিপক্ষে ৫০ ভোট পড়ে। ভোটটি মূলত দলীয় বিভাজনেই অনুষ্ঠিত হয়। তবে চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
স্যান্ডার্সের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা এবং কংগ্রেসের যুদ্ধসংক্রান্ত সাংবিধানিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনে বিতর্ক তীব্র হয়েছে। সিনেটের ভোটের ফলাফলে আপাতত ট্রাম্প প্রশাসনের ইরানসংক্রান্ত সামরিক পদক্ষেপের ওপর কংগ্রেসের সরাসরি সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ ব্যর্থ হয়েছে।